
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রান্না করার সময় শাশুড়ি পুত্রবধূকে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর খোকন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
রবিবার (৮ মার্চ) দ্বিবাগত রাতে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের বেহেত্তরী গ্রামে এ ঘটনা ঘটে।
এসিড আক্রান্তরা হলেন- উপজেলার আঠার বাড়ি ইউনিয়নের বেহেত্তরী গ্রামের প্রয়াত আমীর উদ্দিনের স্ত্রী সেলিনা বেগম (৫৫) ও তার ছেলে এমদাদুল হকের স্ত্রী লিজা বেগম (১৮)।
পুলিশ জানায়, নিজেদের খোলা রান্নাঘরে রাতের খাবার রান্না করার সময় হঠাৎ এক ব্যক্তি ছুটে গিয়ে শাশুড়ি ও পুত্রবধূর শরীরে এসিড নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে। এসিড নিক্ষেপের পর যন্ত্রণায় চিৎকার শুরু করায় আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জালাল উদ্দিন বলেন, এসিডে দগ্ধ শাশুড়ি ও পুত্রবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এসিড নিক্ষেপের ঘটনা ঘটনানো হয়েছে বলে দাবি করা হচ্ছে আহতদের পরিবারের পক্ষ থেকে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খোকন মিয়াকে হেফাজতে নেওয়া হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আজিজুর রহমান বলেন, খুব বেশি পোড়েনি। এসিড নাকি অন্য কিছু দিয়ে পুড়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি এখনো নিশ্চিত নই।



