বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৬ জুন) দুপুরে হালুয়াঘাট ডিএস আলিম মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এবারের কর্মসূচির প্রতিপাদ্য ছিল- “একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম।
তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ জেলার প্রতিটি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
তিনি আরও বলেন, “আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে সুজলা-সুফলা ও সবুজ শ্যামল দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাব। আমি আশা করি, পরিবেশ রক্ষার এ মহৎ উদ্যোগে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুব বিভাগের সভাপতি মাহবুবুর রশিদ ফরাজী।
এছাড়া উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার মোয়াজ্জেম হোসেন, সেক্রেটারি জহিরুল হাসান দুদু, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, ৪ নম্বর হালুয়াঘাট ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ইসহাক আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।



