লক্ষ্মীপুরের রায়পুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি শ্রমিক লীগ নেতা জহির সর্দারকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব।
শনিবার রাতে রায়পুর পৌরসভার পীর ফয়েজ উল্যাহ সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় জহিরের কাছ থেকে একটি দেশীয় এলজি, এক রাউন্ড গুলি ও এক শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।
জহির রায়পুর পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দেনায়েতপুর এলাকার আবদুর করিম বেপারীর ছেলে।
র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার নরেশ চাকমা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, জহির সর্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



