মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াকে তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ড শেষে ঢাকার মহানগর হাকিম হাবিবুর রহমান চৌধুরীর আদালতে হাজির করে জামিন না দিয়ে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন। আসামী পক্ষ জামিন চেয়ে আবেদন করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
রিমান্ড ফেরত প্রতিবেদনে বলা হয়ঃ আসামিকে রিমান্ডে নিয়ে চার বোতল বিদেশি মদ হেফাজতে রাখা সংক্রান্ত জিজ্ঞাসাবাদে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। যা যাচাই-বাছাই হচ্ছে। এছাড়া আসামিকে জিজ্ঞাসাবাদে তার পরিচালিত নিয়ন্ত্রাণাধীন মোহামেডান স্পোটিং ক্লাবের ক্যাসিনো পরিচালনা সংক্রান্ত কিছু তথ্য প্রদান করে, যা যাচাই-বাছাই হচ্ছে। আসামি জামিন পেলে পলাতক হওয়ার সম্ভাবনা আছে। এজন্য জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২৭ ও ৩০ সেপ্টেম্বর এবং ৩ অক্টোবর এ আসামির দুই দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৫ সেপ্টেম্বর রাতে লোকমান হোসেন ভূঁইয়াকে তার মণিপুরীপাড়ার বাসা থেকে আটক করে র্যাব।



