ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগ সভাপতি ইসমাইল হোসাইন চৌধুরী সম্রাট গ্রেফতার হয়েছেন কিনা এই প্রশ্নের উত্তর খুব শিগগিরই জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ চায়না সিল্ক রোড ফোরাম আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। চীন প্রজাতন্ত্রের ৭০ বছরের অর্জন নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত দুদিন ধরেই যুবলীগ নেতা ইসমাইল হোসাইন চৌধুরী সম্রাটকে গ্রেফতারের গুঞ্জন চলছে। সেই প্রশ্নের উত্তরেই এমন জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সম্রাটকে আইন শৃঙ্খলাবাহিনী গ্রেফতার করেছে কি-না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখবেন আপনারা খুব শিগগিরই দেখবেন। আপনারা অনেক কিছু বলছেন, আমরা যেটা বলছি ‘সম্রাট’ হোক যেই হোক অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় আনবো। আমি এটা এখনও বলছি, সম্রাট বলে নয়, যে কেউ আইনের আওতায় আসবে। আপনারা সময় হলেই দেখবেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেই অপরাধ করুক তাকে আইনের মুখোমুখি হতে হবে। এ জন্য আমরা তথ্য ভিত্তিক অভিযান চালাচ্ছি। অপরাধ ঘটছে বা যারা অপরাধ ঘটাচ্ছে এমন খবর পাওয়া মাত্রই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এটা কোনো শুদ্ধি অভিযান নয়। এটা সুশাসন প্রতিষ্ঠার জন্য যা করার প্রয়োজন তাই আমরা করছি।
ক্যাসিনোর বিরুদ্ধে পুলিশ নয়, র্যাব অভিযান শুরু করেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতে র্যাবই সফল। এতে মানুষ পুলিশের ওপর আস্থা হারাচ্ছে। বিভিন্ন সময় পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে। এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটা আমি ক্লিয়ার করে দিতে চাই, যেহেতু অভিযানটি র্যাব শুরু করেছে। আমরা বলছি, তাই ক্যাসিনোর অভিযান র্যাবই করছে। এর আওতায় এনে কাউকে যেন অযথা হয়রানি করা না হয় সেজন্য এই পরিকল্পনা।’
উল্লেখ্য, চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে সবচেয়ে আলোচনায় আসা ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে আটক করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে। ক্ষমতাসীন দলের এই নেতা নগরীর অবৈধ ক্যাসিনো তথা জুয়ার আসরের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়াও তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ক্যাসিনোকাণ্ডে গ্রেফতাররাকৃতরাও তাকে ‘ক্যাসিনো সম্রাট’ বলেও অভিহিত করেছেন।
এসব কারণে সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে গত রোববার তার দেশত্যাগে নিষেধাজ্ঞা-সংক্রান্ত একটি আদেশ দেশের সব বিমানবন্দর ও স্থলবন্দরে পাঠায় পুলিশ।



