নেপালের বিমানবন্দরে আবারো বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ইতোমধ্যে একজন পাইলট ও দুইজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নেপালের লুকলা এলাকায় অবস্থিত তেনজিং-হিলারি বিমানবন্দরে রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি হেলিকপ্টারের সাথে সজোরে ধাক্কা খেলে হতাহতের এ ঘটনা ঘটে।
বিমানবন্দর কর্তৃপক্ষের রাজ কুমার ছেত্রি জানান, রোববার সকালে সামিট এয়ারের বিমানটি লুকাকা থেকে কাঠমান্ডু যাওয়ার জন্য উড্ডয়নের চেষ্টা করছিল। এমন সময় বিমানটি হঠাৎ করে হড়কে গেলে পাশে থাকা মানাং এয়ারের একটি হেলিকপ্টারে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ওই ঘটনায় বিমানটির চালক ঘটনাস্থলেই মারা যান। এছাড়া পাশে দাঁড়িয়ে থাকা আরো দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। তবে প্লেনের চার যাত্রী ও একজন ক্রু অক্ষত আছেন। প্লেনটি ছোট হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।
সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, এভারেস্ট অঞ্চল থেকে বের হওয়ার পথে অবস্থিত এ বিমানবন্দরটি বিশ্বের বিপজ্জনক বিমানবন্দরগুলোর অন্যতম। কারণ এর রানওয়ে খুবই ছোট। ফলে এতে উড্ডয়ন ও অবতরণ করা খুবই কঠিন হয়ে দাঁড়ায় পাইলটদের জন্য। এ বিমানবন্দরে কেবল হেলিকপ্টার ও ছোট বিমান আসা যাওয়ার অনুমতি দেয়া হয়ে থাকে। বিমানবন্দরটি সাধারণ ভূমি সমতল থেকে নয় হাজার ৩৩৪ ফুট বা দুই হাজার ৮৪৫ মিটার উপরে অবস্থিত
বিমান ও হেলিকপ্টার উভয়টিই নেপালের এ দুর্গম স্থানে পর্যটকদের আনা নেয়া করে থাকে।



