হাইকোর্টের অনুমতি ছাড়া দুদক কাউকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিতে পারবে না। তবে দুর্নীতি অনুসন্ধানের জন্য তদন্ত কার্যক্রমের স্বার্থে ভূতাপেক্ষ অনুমোদনসাপেক্ষে যে কারো বিদেশযাত্রা রহিত করতে পারবে দুর্নীতিবিরোধী সংস্থাটি।
মঙ্গলবার দুদক প্রধান কার্যালয়ে সাংবাদিকদের দুর্নীতি দমন কমিশনের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এ কথা বলেন।
দুদক সচিব বলেন, কমিশন চাইলেই কাউকে আর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে পারবে না। কারণ এর বিরুদ্ধে হাইকোর্টের রায় আছে। তবে আমাদের আরও একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত সিদ্ধান্ত দিয়েছে, তদন্তের যেকোনো পর্যায়ে যদি কারো বিদেশযাত্রা রহিত করা প্রয়োজন হয় দুদকের কার্যক্রমের স্বার্থে, তাহলে দুদক সেটা করতে পারবে। তবে করার পরে পরবর্তী ১৫ দিনের মধ্যে আদালত থেকে ভূতাপেক্ষিক অনুমোদন নিতে হবে।
আদালতের রায় ছাড়া দুদক কীভাবে কাউকে সেই নিষেধাজ্ঞা দেবে, সেই বিষয়ে ব্যাখ্যা করে দুদক সচিব বলেন, দুদক আগে নিষেধাজ্ঞা দিতে হলে এই ক্ষেত্রে কী কারণে, কেন, বিদেশযাত্রা রহিত করা হলো, কী কারণে, কেন তার পাসপোর্ট জব্দ করা হলো কিংবা তাকে জমা দেয়ার নির্দেশ দেয়া হলো; সেই কারণ উল্লেখ করে আদালতকে জানালে আদালত তিনটি বিষয়ে ভূতাপেক্ষিক অনুমোদন দেবেন। একটি হলো তার বিদেশযাত্রা, একটি তার পাসপোর্ট রহিত করা, আরেকটি পাসপোর্ট নিয়ে আসা বা জব্দ করা। এটা আর কোনো জটিলতা নেই।
এর আগে বিভিন্ন সময়ে দুই শতাধিক মানুষের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক, আদালতের রায়ে সেসব নিষেধাজ্ঞা তো আর থাকছে না, এমন প্রশ্নে দুদক সচিব বলেন, ‘সেগুলো বহাল আছে, আমরা শুধু আদালত থেকে অনুমোদন করে নিয়ে আসবো। তবে আদালত যদি এটা গ্রহণ না করে বা রিজেক্ট করে দেয় তখন সেটা আর ভেলিড থাকবে না। যদি অনুমোদন করে সেটা ভেলিড থাকবে।’
দুদকের তদন্তের ক্ষেত্রে আদালত থেকে অনুমতি নিতে গিয়ে সেটা দেরি হয়ে যাচ্ছে কি না এমন প্রশ্নে আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘দেরি হচ্ছে না। আদালতে নির্দেশ অনুযায়ী দুদকের তদন্তকারী কর্মকর্তা বা দুদক যদি মনে করে তাকে এখনই নিষেধাজ্ঞা দেয়া দরকার, এখনই পারা যাবে। করার পরে আদালত থেকে অনুমাদন নেয়া যাবে। এতে দুদকের কাজে কোনো অসুবিধা হবে না।’
কমিশনের আজকে মিটিংয়ে সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ‘আজকে যে সিদ্ধান্ত হয়েছে সেগুলো জানানোর মতো না। কারণ, কমিশন মনে করে একটি সিদ্ধান্ত নিলে সেটা যখন বাস্তবায়ন হয় তখন জানানো যায়। ধরেন আজকে একটি মামলা করার সিদ্ধান্ত হয়েছে, মামলা করার পর আমরা জানিয়ে দেব।’
আদালতের অনুমতি নিয়ে বিমান বাংলাদেশের সাবেক এমডি মোসাদ্দিক,মোহামেডান ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া ও কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি শফিকুল আলমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক।



