দেশে আরো ৩ করোনা রোগী শনাক্ত

দেশে নতুন করে আরো তিনজন করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। তারা তিনজন একই পরিবারের সদস্য। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে আটজনের দাঁড়িয়েছে। সোমবার দুপুরে রাজধানীর মহাখালীতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, করোনায় নতুন আক্রান্ত তিনজনের একজন নারী ও বাকি দু’জন শিশু। আক্রান্ত দুই শিশুর মধ্যে একটি ছেলে, একটি মেয়ে। দু’জনের বয়স ১০ বছরের কম।

সেব্রিনা ফ্লোরা বলেন, এবার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া তিনজন বিদেশ থেকে আসা নয়। তবে ইতালি ও জার্মানি থেকে আসা আক্রান্ত দু’জনের একজনের পরিবারের সদস্য তারা।

গত ৮ মার্চ বাংলাদেশে তিনজন করোনা রোগী শনাক্ত হন। এদের মধ্যে দুজন ইতালি ফেরত প্রবাসী ছিলেন। বাকি একজন ছিলেন ওই আক্রান্তদের একজনের স্ত্রী। পরে গত শুক্রবার আইইডিসিআর জানায়, আক্রান্ত তিন ব্যক্তির মধ্যে তিনজনই সুস্থ হয়েছেন।

এরপর শনিবার (১৪ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো দু’জনের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Share this post

scroll to top